মেহেরপুরে দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি


মেহেরপুর নিউজ, ৩০ জুন ২০২৬: দরিদ্র নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই জীবিকায়নের লক্ষ্যে মেহেরপুরে বিনামূল্যে গাভী বিতরণ ও গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর সহযোগিতায় এবং সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা-এর বাস্তবায়নে সংস্থার প্রশিক্ষণ কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মুন্সি জাহাঙ্গীর জিন্নাত।


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম এবং উপকারভোগীদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে দরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের পরিবারের জীবনমান উন্নয়নই মূল উদ্দেশ্য।


এ সময় প্রজন্ম সংগঠনের পরিচালক জহুরুল ইসলাম বক্তব্যে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে উপকারভোগীরা গবাদিপশু পালনকে লাভজনক উদ্যোগে পরিণত করতে পারবেন। তিনি প্রকল্পের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।


প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তোফাজ্জল হোসেন। তিনি গাভী পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, নিয়মিত টিকাদান, পরিচর্যা এবং আধুনিক গবাদিপশু ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।


প্রশিক্ষণ শেষে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭ জন দরিদ্র নারী উপকারভোগীর হাতে বিনামূল্যে গাভী তুলে দেন।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এ ধরনের কার্যক্রম গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন, উপকারভোগীরা গাভী পালন করে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।


অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের সফলতা কামনা করে সবার সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.